জিপি-রবি’র আন্তরিকতার অভাবে আদালতেই সুরাহা হবে
মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি সহযোগিতা না করায় বকেয়া বিষয়ক সঙ্কটের সমাধান করা যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণফোন ও রবির সাথে টেলিকমমন্ত্রী ও বিটিআরসি চেয়ারম্যানের সাথে কয়েক দফা বসা হয়েছিল। বলা হয়েছিল, তোমাদের হিসাবে তো কিছু টাকা পাই, সে কিছু পেমেন্ট করো। সেই টাকা না দেওয়াতে আলোচনা এগিয়ে যায়নি।
এছাড়া আগেই যেহেতু অপারেটর দুটি আদালতে মামলা করেছে যে জন্য বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল বলেন,“আন্তরিকভাবে এগিয়ে গিয়েছিলাম, সে ধরনের সহযোগিতা পাইনি। অনেক দিন অপেক্ষা করা হয়েছে, টাকা দেবে টাকা দেবে, টাকা তারা দেয়নি। যদি টাকা কিছু দিত, তাহলে বুঝতাম আন্তরিকতা আছে।”
তিনি আরো বলেন, “সার্বিক বিবেচনায় আমরা ভাবলাম, সময় তাদের দিয়েছিলাম এবং তারা চুক্তিও করল আমাদের সাথে যে তারা কমপ্লায়েন্সে নেবে কি না, তারা কমপ্লায়েন্স নিতে পারেনি, তাদের আবার বোর্ড মিটিং করতে হবে, সেজন্য হয়নি।”